মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজন করেছে মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবী সংস্থা।শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে লঞ্চঘাটে বিপুল সংখ্যক যাত্রী, শ্রমজীবী ও ব্যবসায়ীর আনাগোনা থাকে— যাদের অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। এই বাস্তবতা বিবেচনায় সংস্থাটি লঞ্চঘাট এলাকাকে ক্যাম্পিংয়ের জন্য বেছে নেয়।
ক্যাম্প পরিচালনায় সংস্থার প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। তারা সারিবদ্ধভাবে রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক ফলাফল জানান এবং রক্তদান, জরুরি অবস্থায় রক্তের গ্রুপ জানার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
সংস্থার প্রতিষ্ঠাতা ইয়াকুব খান বলেন, “লঞ্চঘাটে জেলার নানা প্রান্তের মানুষের ভিড় থাকে। তাই এখানেই এ ধরনের মানবিক সেবা পৌঁছে দেওয়া জরুরি ছিল। অনেক মানুষ রক্তের গ্রুপ জানতেন না— আজ অন্তত সেই ঘাটতি আমরা কিছুটা পূরণ করতে পেরেছি।”
ব্লাড বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান বলেন, “এ ক্যাম্প শুধু রক্তের গ্রুপ জানা নয়, ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ করতেও সহায়তা করবে। আমরা সামনে আরও বড় আকারে এমন উদ্যোগ নিতে চাই।”
ক্যাম্পে আসা যাত্রী ও শ্রমজীবী মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। অনেকেই বলেন, ব্যস্ততার কারণে কখনো রক্তের গ্রুপ জানার সুযোগ হয়নি, আজ তা জানতে পেরে উপকৃত হয়েছেন।
মতামত