নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বান মাঠে বুধবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে আয়োজিত উঠান বৈঠকে বলেছেন- জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, কিন্তু কখনো আপনাদের ছেড়ে যাইনি। ভবিষ্যতেও যাব না। আপনারা যেমন- আমাকে ছেড়ে যাননি, আমিও আপনাদের ছেড়ে যাব না।
এদিন, তিনি সকালে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর, রমজানবেগ, চরকেওয়ার ইউনিয়নের আলীরটেক, আধারা ইউনিয়নের জাজিরা, মিনাবাজার ও সন্ধ্যার পর শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
তিনি আরও বলেন, এই ওয়ার্ডে কিছু বড় ভাই আছেন, যারা আমাকে রাজপথে নিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলেন। তখন এক-দুইজন পাশে ছিলেন, কিন্তু আজ হাজার হাজার ভাই আমার পাশে দাঁড়িয়েছে। এই সমর্থন আমি মরার আগ পর্যন্ত ভুলব না। এ আসনে ধানের শীষের প্রার্থীর উদ্দেশ্য করে বলেন, কামরুজ্জামান রতন সাহেব বলেছেন তিনি সংসদে কথা বলবেন। কিন্তু সংসদের মালিক আমরা নই, সংসদের মালিক জনগণ। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি সংসদে কথা বলতে পারব কি না, সেটার জবাব সময়ই দেবে।
মুন্সীগঞ্জ-৩ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জননেতা আব্দুল হাই সাহেব অনেক কাজ শুরু করেছিলেন, যার অনেকগুলো এখনো সম্পূর্ণ হয়নি। জনগণ আমাকে সুযোগ দিলে আমি সেই অসম্পূর্ণ কাজগুলোর তালিকা প্রকাশ করব এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেব।
নির্বাচনকেন্দ্রিক নানা বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অনেকে বড় বড় নেতারা বক্তৃতা দিয়ে বলছেন, এই কেন্দ্রে ৯০ শতাংশ ভোট পাবেন। কিন্তু বাস্তবতা হলো এই এলাকার ৯০ শতাংশ মানুষ আমার সঙ্গে আছেন। এখনো সময় আছে, ভোটের বেচাকেনা বন্ধ করুন, জনগণের কাছে আসুন। "জনগণ যার শক্তি, তারই জয় নিশ্চিত,। যার জনগণ নেই, তার কোনো শক্তি নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন—জনগণই ক্ষমতার উৎস।
পথসভা ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, ভিপি মো. শাহীন মিয়া, মু. মাসুদ রানা, মো. মনির হোসেন মিজি, ঝন্টু মিজি, মোস্তফা হাবিব শাহরিয়ার, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, মো. ইউনুস শেখ, মীর মো.শরীফ, জামাল গাজী, মো. রফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।
মতামত