মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ নৌপথে মেঘনা নদীর দুই পাড়ে ফেরিঘাট ও পন্টুন থাকলেও নেই ফেরি!
ফলে প্রতিদিন নারী, শিশু, শিক্ষার্থী,চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে উত্তাল মেঘনা নদী পারাপার হচ্ছেন। এদিকে কোটি টাকা ব্যয়ে নির্মিত ফেরিঘাট ও পন্টুন বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, চর কিশোরগঞ্জ ঘাটে যাত্রীদের ট্রলারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রলার ঘাটে ভিড়লেই হুড়োহুড়ি করে যাত্রীরা ওঠেন। অনেক সময় ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী নিয়েই নদী পারাপার করছে ট্রলার গুলো।
স্থানীয়দের মতে, সড়কপথে মুন্সীগঞ্জ জেলা শহরে যেতে প্রায় ৫০ কিলোমিটার ঘুরতে হয়। তাই সময় ও যাতায়াত ব্যয় কমাতে প্রতিদিন হাজারো মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ট্রলারে পারাপার হচ্ছেন।
ট্রলারের যাত্রী আব্দুল করিম বলেন, নদী উত্তাল থাকলেও যাওয়ার বিকল্প নেই। বাধ্য হয়েই ট্রলারে উঠি। ফেরি চালু থাকলে এত ঝুঁকি নিতে হতো না।
আরেক যাত্রী শাহিনা বেগম বলেন, প্রতিদিন সন্তানকে নিয়ে নদী পার হতে ভয় লাগে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই ট্রলার দুলতে থাকে। কিন্তু ফেরি না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ফেরিঘাট নির্মাণ করেছে। অথচ ফেরি না থাকায় পুরো অবকাঠামোই এখন অকার্যকর। দ্রুত ফেরি চালু হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।
মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে কলেজে যাতায়াত করেন। নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত ফেরি চালুর দাবি জানান তারা।
স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালের ৪ জুন স্বর্ণচাপা ও সন্ধ্যা মালতী নামে দুটি ফেরি দিয়ে প্রথমবার ফেরি চলাচল শুরু হয়। তবে ঘাট সংলগ্ন সড়ক সরু ও খানাখন্দে ভরা থাকায় এবং যানবাহনের স্বল্পতার কারণে মাত্র ছয় মাসের মাথায় সার্ভিসটি বন্ধ হয়ে যায়। পরে ফেরি দুটি আরিচা ঘাটে স্থানান্তর করা হয়।
দীর্ঘ চার বছর পর স্থানীয়দের দাবির মুখে ২০২২ সালের ৯ নভেম্বর স্বর্ণচাপা সন্ধ্যা মালতী ও কর্ণফুলী নামে তিনটি ফেরি দিয়ে পুনরায় সার্ভিস চালু করা হয়। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ ভবেরচর থেকে রসুলপুর খেয়াঘাট, গজারিয়া খেয়াঘাট থেকে কাজিপুরা ফেরিঘাট এবং চর কিশোরগঞ্জ থেকে যোগনীঘাট পর্যন্ত সড়ক প্রশস্ত করে। কিন্তু মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট থেকে সুপার মার্কেট পর্যন্ত সড়ক প্রশস্ত না হওয়ায় বড় যানবাহন চলাচল সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় দফায় চালুর মাত্র সাত দিনের মাথায় ১১টি ছোট যানবাহন পারাপারের পর ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যায়। পরে ফেরিগুলো অন্য রুটে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর ধরে ফেরি বন্ধ থাকলেও দুই পাড়ের ফেরিঘাট ও পন্টুন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অসমাপ্ত সড়ক উন্নয়ন দ্রুত শেষ করে স্থায়ীভাবে ফেরি চালুর পাশাপাশি গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌপথে সেতু নির্মাণের দাবিও জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর কারণে গজারিয়া উপজেলা এখনো জেলা সদর থেকে বিচ্ছিন্ন। এ অবস্থায় সম্প্রতি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন জাতীয় সংসদে জেলা সদরের সঙ্গে গজারিয়া উপজেলাকে সংযুক্ত করতে দুটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। সেই দাবির বাস্তবায়নের পাশাপাশি দ্রুত ফেরি সার্ভিস চালুর অপেক্ষায় রয়েছেন গজারিয়াবাসী।
মতামত