মুন্সীগঞ্জের গজারিয়া সংলগ্ন মেঘনা নদীর মাঝনদীতে যান্ত্রিক ত্রুটিতে প্রায় ১২০ যাত্রী নিয়ে একটি চাঁদপুরগামী লঞ্চ বিকল হয়ে পড়ে। খবর পেয়ে নৌ পুলিশের দ্রুত তৎপরতায় বিকল্প লঞ্চের ব্যবস্থা করে সব যাত্রীকে নিরাপদে গন্তব্যে পাঠানো হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে প্রায় ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা এন্ড সমৃদ্ধি’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে লঞ্চটির প্রপেলার শ্যাফটের নাট ভেঙে যায়। এতে লঞ্চটি মাঝনদীতে বিকল হয়ে পড়ে। তবে চালক বিচক্ষণতার সঙ্গে লঞ্চটিকে নদীর তীর সংলগ্ন স্থানে নোঙর করতে সক্ষম হন। খবর পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন। পরে বিকল্প একটি লঞ্চের ব্যবস্থা করে সব যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে পাঠানো হয়।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকল্প লঞ্চে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
লঞ্চের যাত্রীরা জানান, মাঝনদীতে লঞ্চ বিকল হয়ে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে নৌ পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই সবাই নিরাপদে গন্তব্যের পথে রওনা হতে পেরেছেন।
মতামত