মুন্সীগঞ্জ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৯টি মামলার পলাতক আসামী বিএনপি কর্মী মিল্টন মল্লিককে গ্রেপ্তার
র্যাব-১১। রোববার বিকেল ৩টার দিকে জেলার টঙ্গিবাড়ীর যশলং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারকৃত আসামী মিল্টন মল্লিককে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন
র্যাবের এস আই উজ্জ্বল আচার্য। মিল্টন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের মৃত বারেক মল্লিকের ছেলে।
র্যাব-১১'র প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে আসামী মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় মারাত্মক অস্ত্রসহ তার ক্যাডার বাহিনী নিয়ে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে।
এরই অংশ হিসেবে গত ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ৭ টি তাজা ককটেল বোমা, ২ টি সুইচ গিয়ার চাকু সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মিল্টন মল্লিক চর এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য ককটেল, সুইচ গিয়ারসহ বিভিন্ন দেশী বিদেশী অস্ত্র নিজ হেফাজতে রেখে আসামী মিল্টন মল্লিকের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এছাড়া পুলিশ জানিয়েছে, গত ৯ মার্চ পূর্ব মাকহাটি গ্রামে অভিযান চালিয়ে বিএনপির কমী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিল্টন মল্লিকের বাড়ী থেকে ১৪টি অবৈধ অস্ত্র, ৩৪ বোতল বিদেশি মদ, ২টি সাংবাদিক আইডি কার্ড, ৭টি মোবাইল ফোন, ৭টি চকলেট বোমা, ২টি ল্যাপটপ ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, যৌথ বাহিনী ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার করলেও চতুর এই সন্ত্রাসী কৌশলে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করতে র্যাব সদস্যরা গতিবিধি পর্যবেক্ষণ করছিল। রোববার গোপন সংবাদে নিশ্চিত হওয়া যায় আসামী মিল্টনের অবস্থান। এরপরই টঙ্গীবাড়ির যশলং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ ১৯ টি মামলার দুর্ধর্ষ আসামী মিল্টন মল্লিককে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত