মুন্সীগঞ্জের লৌহজংয়ের নওপাড়া বাজার এলাকায় সড়ক ও সরকারি খাস জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছে প্রভাবশালী এক ব্যক্তি। এ ঘটনায় লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর—এই তিন উপজেলার ১২২ জন ব্যক্তির গণস্বাক্ষরিত দাখিল করা অভিযোগ পেয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়া নির্দেশ দেওয়া হয়। এতে ভূমি অফিসের লোকজন মাপঝোঁক করে নির্মাণাধীন ভবনটি খাস জমি ও এলজিইডির জায়গা দখল করে নির্মাণ করার অভিযোগের সত্যতা পেয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পরই আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন লৌহজং উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারজানা ববি মিতু।
অভিযোগে বলা হয়েছে, নওপাড়া বাজার লৌহজং উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও পুরোনো বাজার। লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রতিদিন এখানে হাজারো মানুষের সমাগম ঘটে। বাজার থেকে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব পায়। বাজারসংলগ্ন এলাকায় দুটি হিমাগার, সথ মিল, রাইস মিলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বৌলতলী ইউনিয়নের পূর্ব নওপাড়া গ্রামের বাসিন্দা মো. বাতেন মিয়া বাজারের পাশ দিয়ে ঢাকাগামী প্রধান সড়কের জায়গা ও সরকারি খাস জমি দখল করে একটি বহুতল মার্কেট নির্মাণ করছেন। এর ফলে বাজারের প্রবেশপথ সংকুচিত হয়ে পড়েছে এবং প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে।
স্থানীয় নূর হোসেন মোল্লা বলেন, নির্মাণাধীন ভবনের উত্তর ও দক্ষিণে প্রায় ২০০ মিটারের মধ্যে দুটি সেতু রয়েছে। ভবনটি থাকলে ভবিষ্যতে সড়ক প্রশস্ত করা সম্ভব হবে না, এতে যানজট আরও বাড়বে।
নওপাড়া বাজারের দোকান মালিক বিপ্লব বেপারী বলেন, বাজারটিতে প্রায় ৬০০ দোকান রয়েছে। তিন উপজেলার মানুষ এখানে কেনাবেচা করতে আসেন। বাজারের প্রবেশমুখে ভবন নির্মাণ হওয়ায় রিকশা ও অটোরিকশা স্ট্যান্ড ছোট হয়ে গেছে। ফলে চালকেরা সড়কের ওপরই যানবাহন রেখে যাত্রী ওঠানামা করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, নওপাড়া বাজার সেতুর উত্তরে প্রধান সড়কের পাশে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ভবন নির্মাণের কারণে সড়কে ছোট যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে ভবনের মালিক বাতেন মিয়া বলেন, ভবনটি যদি খাস জমি বা রাস্তার জায়গায় পড়ে থাকে তাহলে তিনি কাজ করবেন না। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন বলেও দাবি করেন।
লৌহজং উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, রাস্তার পাশে ১০ ফুট জায়গা না রেখে ভবন নির্মাণ করা হচ্ছে, যা বিল্ডিং কোডের পরিপন্থী। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভবনটি সরকারি রাস্তার অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, ভূমি অফিসের লোক পাঠিয়ে মেপে দেখা গেছে নির্মাণাধীন ভবনটি নিজস্ব জায়গার বাইরে খাস জমি ও এলজিইডির জায়গা দখল করে করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত