মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু ভরাটে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা ও মুক্তিযোদ্ধা বাজারের আশপাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মাদ্রাসা সংলগ্ন ও মুক্তিযোদ্ধা বাজার এলাকায় পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বালু ভরাটে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার অবৈধ ড্রেজিং পাইপ বিনষ্ট করে।
অভিযানকালে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান বলেন, “সরেজমিনে উপস্থিত হয়ে বালু ভরাটে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ বিনষ্ট করা হয়েছে। অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
মতামত