মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভক্ষণ অযোগ্য মাংস জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং একটি অসুস্থ গরু জব্দ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কনকসার ও মালিরঅংক বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কনকসার বাজারের নিকটবর্তী এলাকায় ইব্রাহীম মুন্সির বসতবাড়ির এক পাশে অস্বাস্থ্যকর পরিবেশে একটি অসুস্থ গরু জবাইয়ের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জবাইকৃত পশুর বর্জ্য নিকটস্থ খালে ফেলার কথা জানান। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ইব্রাহীম মুন্সিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অসুস্থ গরুটি জব্দ করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া মালিরঅংক বাজারে মাংস প্রক্রিয়াজাতকারী মো. নাদিম মৃধার দোকানে অভিযান চালিয়ে জবাইকৃত মাংসের সঙ্গে বাসি মাংস মেশানোর প্রমাণ পাওয়া যায়। সেখানে মাংস সংরক্ষণে প্রয়োজনীয় তাপমাত্রা ও স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং মাংসে প্রচুর পোকামাকড়ের উপস্থিতি দেখা যায়। এছাড়া তার কোনো কসাই লাইসেন্সও পাওয়া যায়নি।
এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাদিম মৃধাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আইনের ধারা ১৭ অনুযায়ী ভক্ষণ অযোগ্য মাংস জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালীশংকর পাল।
অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভক্ষণঅযোগ্য মাংস জব্দ করে বিনষ্ট করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
মতামত