মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের বনসমন্ত এলাকায় প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ছোট-বড় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাঁওদিয়া জোড়পোল থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে বনসমন্ত গ্রামের রাস্তাটির বিভিন্ন স্থানে পিচের ঢালাই উঠে গেছে। দুই পাশের ঢালাই ভেঙে গেছে এবং অনেক স্থানে ইট ও খোয়া সরে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার মূল কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ছোট-বড় কোনো যানবাহনই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
স্থানীয় সোহেল মিয়া জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তার এমন অবস্থায় আমরা খুবই অসুবিধায় আছি। ছোট ছেলে-মেয়েদের এই রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হয়। অনেক নেতা ও রাজনৈতিক ব্যক্তি এসে রাস্তা দেখে গেলেও এখনো কাজ হয়নি।”
তারা আরও বলেন, নতুন করে পুরো রাস্তা নির্মাণ করা সম্ভব না হলেও অন্তত জরুরি ভিত্তিতে সংস্কার ও মেরামত করা হলে মানুষের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন তারা।
এ বিষয়ে লৌহজং উপজেলা এলজিইডির প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর বলেন, “আমি বিষয়টি জানি না। আমি নতুন এসেছি। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারব।”
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, “আমি সরেজমিনে গিয়ে রাস্তাটি পরিদর্শন করে দেখব। রাস্তা বরাদ্দের মাধ্যমে নতুন করে করা যায় কি না, সেটিও দেখা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী অনেক রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে, যেগুলোর কাজ চলমান রয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেবে।
মতামত