‘মাদক সমাধান নয়, জীবনের পরাজয়’ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। সহকারী শিক্ষক সোলায়মান হোসাইন ও রমজান মাহমুদের যৌথ সঞ্চালনায় সভায় শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মনির হোসেন শিকদার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহ কামাল ঢালী (ব্যাচ-১৯৭২), নুর আলম ঢালী (ব্যাচ-১৯৭৮), গাজী কামাল হোসেন (ব্যাচ-১৯৮৬), সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলু এবং নবম শ্রেণির শিক্ষার্থী সৌখিন ঘোষ ও কানিছা আক্তার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কনক রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উপজেলায় প্রথম ও জেলায় চতুর্থ স্থান অর্জন এবং সংস্কৃতি ও খেলাধুলায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরুর হাতে ক্রেস্ট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন ইউএনও ফারজানা ববি মিতু।
মতামত