দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের পূর্ব পাশের ড্রেনেজে জমে থাকা পরিত্যক্ত ঔষধ সরঞ্জামসহ নানা আবর্জনা আর পানি একাকার হয়ে বর্তমানে পরিণত হয়েছে নানা রোগের ভাইরাস ও মশার প্রজননক্ষেত্র। ড্রেনটির ভেতরে পলিথিন, পরিত্যক্ত ঔষধ সরঞ্জাম, হাসপাতালের ভাঙা বেডের অংশসহ বিভিন্ন আবর্জনার সঙ্গে সেখানে স্থির পানি জমে পঁচে কালো বর্ণ ধারণ করেছে।

ওই পানিতে গিজগিজ করছে মশার লার্ভা, যা সহজেই আশেপাশে ছড়িয়ে পড়ছে, যা এখন গভীর উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এমনকি ড্রেনেজের পানি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুরে সরেজমিন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বাইরে পোস্টমর্টেম ভবনে যাওয়ার পথে এমন চিত্র ফুটে উঠেছে দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার চোখে।
সেখানে দেখা যায়, স্থির এ পানি মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়া-এর মতো মারাত্মক রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেওয়ার অধিক আশঙ্কা দেখা দিয়েছে। অথচ এমন করুন পরিবেশ একটি হাসপাতালের ভেতরেই বিদ্যমান থাকায় রোগী, স্বজনসহ জেলার ১৬ লাখ মানুষের মধ্যে সুচিকিৎসাসেবা পাওয়া নিয়ে চরম উদ্বেগ ও উৎকন্ঠা লক্ষ্য করা গেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন সাংবাদিক পরিচয় শুনে বললেন, “যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখানে মশার উপদ্রবসহ নানা রোগের ভাইরাস বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায়, সেখানে সুস্থ হতে গিয়ে রোগীরা বিভিন্ন রোগের ভাইরাসে আক্রান্ত হওয়ারই কথা। এছাড়া রাতে মশার কামড়ে ঘুমানো যায় না, আবার দিনেও একই অবস্থা।”
স্থানীয় সচেতন মহলসহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অভিযোগ, জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই হাসপাতাল প্রাঙ্গণেই বিভিন্ন রোগের প্রজননক্ষেত্র তৈরী হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে না হওয়ায় এটি এখন শহরবাসীর জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন বলেন, ইতিহাস ও ঐতিহ্যের ভূমি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এমন ভয়াবহ পরিস্থিতি উদ্বেগজনক। দ্রুত ড্রেনেজ পরিষ্কার, মশা নিধন কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিভিন্ন ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়তে পারে আশপাশসহ শহরে। যা কারো কাম্য নয়।
মতামত