সামান্য বৃষ্টিপাতেই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে হাঁটু সমান পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দিয়ে চলাচলকারী ছোট-বড় যানবাহন ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
সরেজমিনে দেখা যায়,ভবেরচর-মুন্সীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভবেরচর বাজার অংশে প্রায় ১০০ মিটার জুড়ে হাঁটুসমান পানি জমে রয়েছে। পানির কারণে সিএনজি অটো রিকশাসহ বিভিন্ন যানবাহন ধীর গতিতে চলাচল করছে। সাধারণ পথচারীদের হেঁটে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সিএনজি চালক হান্নান মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমে যায়। তখন গাড়ি চালানো খুব কষ্ট হয়, অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। যাত্রীরাও ভোগান্তিতে পড়ে।
পথচারী শামসুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,এই সড়ক দিয়ে হেঁটে যাতায়াত করাই দুঃসহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। অনেক সময় জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে চলতে হয়। এতে শিশু, বয়স্ক ও নারীরাই বেশি ভোগান্তিতে পড়ছে।
সড়কের পাশে মুদি দোকানি আবু কালাম বলেন, বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতা আসতে চায় না, ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় পানি দোকানের ভেতরেও ঢুকে পড়ে। দ্রুত স্থায়ী সমাধান না হলে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ভবেরচর বাজার এলাকায় পানি জমার বিষয়টি আমাদের নজরে এসেছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
মতামত