বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সিআইপি সম্মাননায় ভূষিত হয়েছেন সিঙ্গাপুর প্রবাসী মুন্সীগঞ্জের গজারিয়ার সন্তান মাইন উদ্দিন। তিনি মা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর এবং একজন সফল উদ্যোক্তা।
গেল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার বিষয়টি তিনি নিজেই স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেন।
জানা যায়, মাইন উদ্দিন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুর চর গ্রামের কৃতি সন্তান। তিনি সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ্ব লনি বেপারীর কনিষ্ঠ পুত্র। আজ থেকে প্রায় ১৮ বছর আগে জীবিকার সন্ধানে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। শুরুতে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে নিজ উদ্যোগে গড়ে তোলেন মা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বে তার ব্যবসা ধীরে ধীরে সাফল্যের মুখ দেখে। বর্তমানে তিনি একটি শিল্পগোষ্ঠীর মালিক হিসেবে প্রতিষ্ঠিত।
এদিকে প্রবাস থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি সম্মাননা অর্জন করায় গজারিয়া উপজেলা তথা গুয়াগাছিয়া ইউনিয়নে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
গজরিয়া সুশীল সমাজের ব্যক্তি আশরাফুল আলম সৌরভ বলেন, গজারিয়া উপজেলায় এই প্রথম প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি অ্যাওয়ার্ড অর্জন করেছেন মাইন উদ্দিন। এর আগে কেউ পায়নি। তাঁর এই সাফল্য প্রবাসে থাকা তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।
মতামত