মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬’, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সিরাজদিখান ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সহায়তায় আজ রবিবার রশুনীয়া উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
অলিম্পিয়াডে উপজেলার ৯টি স্কুল ও কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বিক্রমপুর আদর্শ কলেজ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শুলপুর উচ্চ বিদ্যালয়, কাজীশাল হাজীগাঁও মো. হুমায়ূন মোল্লা উচ্চ বিদ্যালয়, মালখানগর উচ্চ বিদ্যালয়, রশুনীয়া উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উচ্চ বিদ্যালয় ও কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে রাজনৈতিক, ধর্মীয় ও জাতীয় সম্প্রীতি, শান্তি এবং সহাবস্থান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের ভিত্তিতে তাৎক্ষণিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পিস অ্যাম্বাসেডর মো. আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে এবং পিএফজি কোঅর্ডিনেটর রত্না হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজির সদস্য মো. শাহ আলম ও এমদাদুল হক পলাশ, রশুনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে করা প্রয়োজন। তারা আরও বলেন, শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত