বর্ষা মৌসুম এলেই মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাল-বিল, জলাশয় ও নিচু জমি সাদা শাপলার সমারোহে ভরে ওঠে।প্রাকৃতিকভাবে জন্মানো এসব শাপলা এখন শুধু স্থানীয় বাজারেই নয়, প্রতিদিন যাচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। এতে মৌসুমি এই প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন উপজেলার শতাধিক নারী-পুরুষ।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের প্রধান সড়কে ট্রাকে শাপলা বোঝাই করার দৃশ্য দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রশুনিয়া ও লতব্দী ইউনিয়নের বিভিন্ন খাল-বিল থেকে প্রতিদিন ভোরে শাপলা সংগ্রহ করেন স্থানীয়রা। কেউ পানিতে নেমে, আবার কেউ ছোট নৌকায় করে শাপলা তুলে এনে স্থানীয় বাজার ও পাইকারদের কাছে বিক্রি করেন।
স্থানীয় বাজারে প্রতি আঁটি শাপলা ৩০থেকে ৪০ টাকায় বিক্রি হলেও সংগ্রাহকদের কাছ থেকে পাইকাররা ৩০ টাকা দরে কিনে নেন। প্রতিদিন কয়েকশ আঁটি শাপলা বিক্রি করে অনেক পরিবার বর্ষা মৌসুমে সংসারের বাড়তি খরচ মেটাচ্ছে।
লতব্দী ইউনিয়নের শাপলা সংগ্রাহক ইকবাল হোসেন বলেন, প্রতিদিন সকালে খাল-বিল থেকে শাপলা তুলে এক জায়গায় জমাই। বিকেলে পাইকার এসে কিনে নিয়ে যায়। একেকদিন ২০০ থেকে ৩০০ আঁটি শাপলা তুলতে পারি। এই আয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ ও সংসারের বাজার চালাই। বর্ষা মৌসুমে শাপলাই আমাদের বড় ভরসা।
আরেক সংগ্রাহক রহিম উদ্দিন বলেন, আমি আর আমার স্ত্রী প্রতিদিন শাপলা তুলতে যাই। এখন বিলে পানি বেশি থাকায় শাপলাও প্রচুর পাওয়া যাচ্ছে। আগে শুধু স্থানীয় বাজারে বিক্রি করতাম, এখন পাইকাররা কিনে ঢাকায় নিয়ে যায়। এতে আয়ও কিছুটা বেড়েছে। বর্ষাকালে শাপলা তুলেই আমাদের সংসার ভালোভাবে চলে।
শাপলার পাইকার বাবু শেখ জানান, প্রতিদিন কয়েক হাজার আঁটি শাপলা সংগ্রহ করে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজার, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরের পাইকারি বাজারে পাঠানো হয়। রাজধানীতে শাপলার চাহিদা বেশি থাকায় প্রতিদিনই চালান যাচ্ছে।
সিরাজদীখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শাপলা একটি মৌসুমি খাদ্যপণ্য ও জাতীয় ফুল, যা এ অঞ্চলের জলাভূমিতে স্বাভাবিকভাবে জন্মায়। স্থানীয় চাহিদার পাশাপাশি রাজধানীতেও এর বড় বাজার তৈরি হয়েছে। ফলে বর্ষা মৌসুমে এলাকার অনেক পরিবার অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছে।
মতামত