মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি প্রবাসী পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্রান্স প্রবাসীর পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মানবিক সহায়তা হিসেবে সরকারি নগদ ৩০ হাজার টাকা, ২ বান ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।
এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রবাসী পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত