মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি জায়গায় যথাযথ অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন করে নির্মাণকাজ করায় দুটি দোকানের কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজার সড়কের পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
জানা যায়, সিরাজদীখান বাজারের সরকারি জায়গায় শাইজউদ্দিন নামের এক ব্যক্তি কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই দুটি দোকানের শ্রেণী পরিবর্তন করে নতুন করে নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি রশুনিয়া ভূমি অফিসের নজরে এলে তাকে একাধিকবার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। তবে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়।
রশুনিয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আলমগীর সোনার বলেন, সরকারি জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা পরিবর্তন করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট পক্ষকে বারবার সতর্ক করা হলেও তারা আইন অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বলেন, সরকারি জমি দখল বা অবৈধভাবে ব্যবহারের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত