মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক নারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে হাজিগাঁও গ্রামের মৃত আবুল মুন্সীর তিনতলা বাড়ির নিচতলার দরজা ভেঙে মুখোশধারী ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি চালায়।
ডাকাতির শিকার পরিবারের সদস্যদের দাবি, এ সময় মৃত আবুল মুন্সীর মেয়ে পারভীন আক্তার (৫০), ছেলে ফরিদ মুন্সী (৪৭) ও মামুন মুন্সীকে (৩৮) অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। ককটেলের বারুদের আঘাতে ফরিদ মুন্সীর স্ত্রী আয়শা আক্তার পায়ের হাঁটুর নিচে আহত হন।
ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা ঘরের আলমারি ও মূল্যবান মালামাল তছনছ করে পারভীন আক্তারের জমি বিক্রির ২১ লাখ টাকা, ফরিদ মুন্সীর ৪ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরিবারের দাবি, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার বেশি।
ফরিদ মুন্সী বলেন, প্রথমেই তারা বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার স্ত্রীকে মারধর করে। পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার হয়েছে।
মতামত