মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া ঈদগাহ মাঠে সিরাজদীখান থানা পুলিশ এ সভার আয়োজন করে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দুলাল দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইমাম, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির কোনো বিকল্প নেই। অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেন, কমিউনিটি পুলিশিং শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত