মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী গ্যাপ (উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেশন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা বিএডিসি সেচ ভবনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জানানো হয়, গ্যাপ বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) হলো এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা চাষাবাদ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত পরিবেশ, শ্রমিক এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। এই পদ্ধতি অনুসরণ করলে রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, যা টেকসই কৃষি ব্যবস্থাপনায় সহায়ক।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মুন্সীগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শান্তনা রাণী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে গ্যাপ পদ্ধতিতে উৎপাদিত ফল ও সবজি বিদেশে রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এতে কৃষকের যেমন আয় বাড়বে, তেমনি দেশও লাভবান হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারুফা খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র কৃষকদের মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগবালাই নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে গ্যাপ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
মতামত