মুন্সীগঞ্জের সিরাজদীখানে খেলার ছলে ঘরের ভেতরে আটকা পড়া দুই বছরের শিশু আব্দুল্লাহকে সশরীরে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের হাওলাদার ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ হাওলাদার ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা এনায়েত মোল্লার ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে শিশু আব্দুল্লাহ নিজের ঘরে খেলা করছিল। খেলার সময় অসাবধানতাবশত সে ভেতর থেকে ঘরের দরজার সিটকানি লাগিয়ে দেয়। স্বজনেরা বাইর থেকে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে সিরাজদীখান ফায়ার স্টেশনের একটি বিশেষ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কৌশল অবলম্বন করে শিশুকে নিরাপদে উদ্ধার করে।
সিরাজদীখান ফায়ার স্টেশনের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মতামত