“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এপ্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি এবং জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, সিরাজদীখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হয়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করেন।
মতামত