মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামে এক তরুণীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে স্থানীয় এক বিএনপি নেতার ধানের মিলে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী আমেনা আক্তার (২৪) তামিমসহ সাতজনের বিরুদ্ধে সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তিনি বালিয়াকান্দা গ্রামের তারামিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সেখানে ওঠার পর থেকেই বাড়ির মালিকপক্ষের নাতি তামিম (১৮)সহ কয়েকজন তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, কুপ্রস্তাব ও হয়রানি করে আসছিল।
তার অভিযোগ, অভিযুক্ত তামিম বিভিন্ন উপায়ে তার মোবাইল নম্বর ও ফেসবুক আইডি সংগ্রহ করে একাধিকবার কুপ্রস্তাব দেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি বাড়ির এক সদস্যকে জানালেও কোনো প্রতিকার না পেয়ে উল্টো মারধরের শিকার হন তিনি।
অভিযোগে আরও বলা হয়, কয়েকজন মিলে তাকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ১৭ জুলাই গভীর রাতে তার কক্ষের বাইরে উঁকিঝুঁকি দেওয়ার প্রতিবাদ করলে চুল ধরে টেনে-হিঁচড়ে মারধর করা হয়।
ভুক্তভোগীর দাবি, ১৯ জুলাই দুপুরে অভিযুক্তদের একজন প্রকাশ্যে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে ভাড়া বাসায় প্রবেশ করতে না দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়। একই সময়ে অপর এক অভিযুক্ত ফোন করেও এক লাখ টাকা দাবি করে ভয়ভীতি প্রদর্শন করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভুইয়ার ধানের মিলে তাকে আটকে রেখে মারধর করা হয়। পরে জীবন বাঁচাতে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন ভুইয়া বলেন, ঘটনার সময় আমি মুন্সীগঞ্জে ছিলাম। একটা খারাপ মেয়েকে মারছে, তাতে কী হয়েছে? বিষয়টি এমপি সাহেবকে জানিয়েছি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত