মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ধলেশ্বরী সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ সড়ক ভেঙে মরণফাঁদ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকেরা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের সাপেরচর এলাকায় ধলেশ্বরী সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কের একাংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা অংশের পাশ দিয়েই সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, মুন্সীগঞ্জের সদর, টঙ্গীবাড়ী, লৌহজং ও সিরাজদীখান উপজেলার মানুষের রাজধানী ঢাকায় দ্রুত যাতায়াতের সুবিধার জন্য ২০১৩ সালে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে ৪৮০ মিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী সেতুটি নির্মাণ করা হয়।
যাত্রী মো. রাসেল মিয়া বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে ঢাকায় কাজে যাই। রাস্তার এমন অবস্থা দেখে ভয় লাগে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
আরেক যাত্রী সুমাইয়া আক্তার বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা অনেক কষ্টে চলাচল করছেন। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটতে পারে।
অটোরিকশাচালক মো. জামাল হোসেন বলেন, ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। যাত্রী নিয়েও ভয় নিয়ে যেতে হয়। দ্রুত মেরামত দরকার।
সিএনজি চালক মো. সোহেল রানা বলেন, প্রতিদিন শত শত গাড়ি এই সড়ক ব্যবহার করে। কিন্তু ভাঙা অংশের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, ভাঙনের খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত মেরামতের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে সামান্য ভাঙন থাকলেও সাম্প্রতিক বৃষ্টির পানিতে ক্ষতি বেড়েছে। আপাতত দুর্ঘটনা এড়াতে গর্তের পাশে বাঁশ ও লাল কাপড় দিয়ে সতর্কসংকেত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই সংস্কারকাজ শেষ হবে বলেও জানান তিনি।
মতামত