মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)-এর আওতায় নতুন শিক্ষক নিয়োগের প্রাথমিক যাচাই–বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে এই যাচাই–বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোসাম্মৎ রেশমা খানম, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার প্রতিনিধিরা।
প্রাথমিক যাচাই–বাছাইয়ে প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক পদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, কুরআন পাঠের দক্ষতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং শিক্ষার্থী তালিকা যাচাই করা হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোসাম্মৎ রেশমা খানম জানান, মোট ১১৭ জন আবেদনকারীর প্রাথমিক যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে। যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা কার্যালয়ে পাঠানো হবে। নির্বাচিত শিক্ষকদের মাসিক সম্মানীর ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রকল্পটির মাধ্যমে শিশু ও বয়স্কদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকল্পের আওতায় সিরাজদীখান উপজেলায় মোট ৯১টি শিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে কুরআন শিক্ষা কেন্দ্র ৫৪টি এবং প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র ৩৭টি।
শিক্ষা কার্যক্রম আগে নিয়োগ দেওয়া শিক্ষক বাছাই কার্যক্রম উপলক্ষে গত বছরের ২৩ ডিসেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে সভাকক্ষে উপজেলা (মউশিক) শিক্ষক বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। সভা শুরুর পর আবেদনকারীদের উপস্থিতি স্বাক্ষর গ্রহণ, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র যাচাই এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় চারজন আবেদনকারীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়।
যাচাই–বাছাই শেষে কুরআন শিক্ষা কেন্দ্রের ১২ জন শিক্ষক এবং প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ১৬ জন শিক্ষককে বিভিন্ন অনিয়ম ও যোগ্যতার ঘাটতির কারণে বাতিল করা হয়। সবশেষে অবশিষ্ট ৬৩ জন কেন্দ্র শিক্ষককে যোগ্য বিবেচনায় বহাল রাখা হয়।
মতামত