মুন্সীগঞ্জের সিরাজদীখানে পাশাপাশি মন্দির ও মসজিদে পূজা-অর্চনা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রায় দুই শতক ধরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উলুধ্বনি আর মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি মিলেমিশে একাকার হয়ে যায়। উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারে হযরত পাঁচপীর সাহেবের মাজার মসজিদ ও শ্রী শ্রী মা কালী ও দুর্গা মন্দিরে দীর্ঘদিন ধরে এ ধর্মীয় সম্প্রীতি চলে আসছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদ ও মন্দিরের মধ্যবর্তী দূরত্ব মাত্র ৫০ ফুট। অথচ সেখানে সনাতন ও ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে পূজা-অর্চনা ও নামাজ আদায়কে কেন্দ্র করে কখনো কোনো বিরোধ দেখা যায়নি। ধর্ম যার যার, উৎসব সবার—এমন মন্ত্রে উজ্জীবিত হয়ে উভয় ধর্মের অনুসারীরা পাশাপাশি মসজিদ ও মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। একদিকে প্রতিদিন দেব-দেবীর উদ্দেশ্যে পূজা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। অন্যদিকে মসজিদে ফজরের আজানের ধ্বনি শুনে ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে ছুটে যান মুসল্লিরা।
স্থানীয়রা আরও জানান, সিরাজদীখান বাজার এলাকায় ১৮৪২ সালে শ্রী শ্রী মা কালী ও দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়। এর তিন বছর পর, ১৮৪৫ সালে, মন্দিরের পাশেই কয়েক ফুট দূরত্বে প্রতিষ্ঠিত হয় হযরত পাঁচপীর সাহেবের মাজার ও মসজিদ।
গতকাল মঙ্গলবার মহানবমী উপলক্ষে মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় পাশাপাশি মসজিদ ও মন্দিরে দুই ধর্মের মানুষের সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চিত্র দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাশের মসজিদে মাগরিবের আজান শুরু হলে মন্দিরের ঢাক-ঢোলের বাজনা বন্ধ রাখা হয়। মুসল্লিদের নামাজ আদায় শেষ না হওয়া পর্যন্ত মন্দিরে পূজা-অর্চনার কার্যক্রমে বিরতি রাখেন মন্দির কর্তৃপক্ষ। মুসল্লিদের নামাজ আদায় শেষে আবারও শারদীয় উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাক-ঢোলের বাজনায় আনন্দমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
শ্রী শ্রী মা কালী ও দুর্গা মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র পাল বলেন, মন্দিরে আমরা নিয়মিত পূজা-অর্চনা করে যাচ্ছি। ঠিক পাশেই রয়েছে মাজার মসজিদ। মুসলমান ভাইয়েরা যখন নামাজ পড়েন, আমরা সেই সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখি, যাতে নামাজে কোনো ব্যাঘাত না ঘটে। নামাজ শেষে আমরা আবার পূজা শুরু করি। এত দীর্ঘ সময় ধরে কখনো কোনো বিরোধ বা ঝামেলা হয়নি। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে চলছি। আগামী প্রজন্মও যেন এই সম্প্রীতি ধরে রাখে, এমন প্রত্যাশা করছি। ধর্মীয় সম্প্রীতি এখানকার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এখানে কারও মনে ভেদাভেদ নেই, ছিল না, ভবিষ্যতেও হবে না।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, একেবারে পাশাপাশি মসজিদ ও মন্দিরের অবস্থান। তারপরও এখানে কখনো কোনো বিরোধ সৃষ্টি হয়নি। সনাতন ও ইসলাম ধর্মাবলম্বীরা মিলেমিশেই যার যার ধর্মীয় অনুষ্ঠান ও নামাজ আদায় করে আসছেন। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমার বিশ্বাস, এই সম্প্রীতি আগামী দিনগুলোতেও অটুট থাকবে।
উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, প্রত্যেকেই স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে—এটাই ইসলামের শিক্ষা। আমরা চাই, সবাই যেন একে অপরের ধর্মকে শ্রদ্ধা করে। এখানে যে সম্প্রীতি গড়ে উঠেছে, তা সত্যিই অনন্য দৃষ্টান্ত। মুসলিমরা নামাজ আদায় করছেন, হিন্দুরা পূজা করছেন। কেউ কাউকে বাধা দিচ্ছেন না। ইসলামের আসল শিক্ষা হলো সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি। আমরা চাই, এই নীতি সমাজে প্রতিষ্ঠিত হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এখানে পাশাপাশি মসজিদ ও মন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের মধ্য দিয়ে সম্প্রীতির দৃষ্টান্ত বজায় রয়েছে। ধর্মীয় দুই সম্প্রদায়ের মানুষ সুন্দরভাবে তাঁদের ধর্ম পালন করছেন। এ দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে দুই সম্প্রদায়ের মানুষ সহাবস্থান করছেন। এটি দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমি আশা করি, আগামী প্রজন্মও এই ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখবে।
মতামত