মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, কারও সঙ্গে আলোচনা না করে নিজের পছন্দমতো অ্যাডহক কমিটির তালিকা পাঠানো, বিদ্যালয়ের পাশেই বাড়ি থাকা এক সহকারী শিক্ষককে সরকারি কোয়ার্টারে থাকতে দেওয়া, কোচিং বাণিজ্য পরিচালনা এবং কোচিং না করলে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
এছাড়া, এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডে হিন্দু ধর্মের স্থানে মুসলিম ধর্ম উল্লেখ হওয়ায় তা সংশোধনের জন্য প্রথমে ৬ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের অনুরোধে ১ হাজার ৫০০ টাকায় সংশোধন করা হয়।
অভিভাবকরা জানান, এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদ কর্মসূচি দেবেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু তৈয়ব সনেট বলেন, আমি ২০২৫ সালে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে নিজের তহবিল থেকে কাজ করেছি, স্কুলের কোনো টাকা ব্যবহার করিনি। অথচ বর্তমান প্রধান শিক্ষক কোনো আলোচনা ছাড়াই নিজের মনগড়া তিনজনের নাম দিয়ে অ্যাডহক কমিটির প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। এটা তিনি একক সিদ্ধান্তে করতে পারেন কি না, সেটাই আমার প্রশ্ন।
তিনি আরও বলেন, প্রধান শিক্ষক একক ক্ষমতায় ছয়জন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বলেও শুনেছি। আবার একজন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড সংশোধনের জন্য টাকা দাবি করা হয়েছে। এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অ্যাডহক কমিটির বিষয়ে আমার কাছে চিঠি এসেছিল, তাই তিনজনের নাম পাঠিয়েছি। সিদ্ধান্ত নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শিক্ষকদের বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, লিখিতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা হয়েছিল, পরে সংসদ সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। কাউকে বহিষ্কার করা হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির বিষয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি প্রস্তাবনা পেয়েছি। সেটি ফেরত দিয়ে সবাইকে নিয়ে সর্বসম্মতিক্রমে নতুন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত