মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অনুমোদনহীনভাবে ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় রাইসা মোটরস নামের একটি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
এসময় দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি জ্বালানি তেল (অকটেন) মজুত করে আসছিল। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ক্রেতাদের কাছে তেল বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযুক্ত ব্যবসায়ী সাইদুল ইসলাম (৪৪) অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা সরকারি নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত