মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
এ সময় জাকির হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তি আরোপ করা হবে বলে জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ্য করা হবে না।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত