মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স জিল্লুর রহমান নামক একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত