মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম এবং তাঁর কাছে থাকা আড়াই লাখ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পশ্চিম কয়রাখোলা গ্রামের আশ্রয়ণ কেন্দ্র-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মহিউদ্দিনকে উদ্ধার করে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুরে তাঁর স্ত্রী মাহমুদা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সিরাজদীখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম কয়রাখোলা গ্রামের মৃত কাশেমের ছেলে বরকত উল্লাহ (৪০), লিউ (২৫) এবং নূর জামালের ছেলে রুবেল (৩৫)-এর সঙ্গে মহিউদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার রাতে লতব্দী ইউনিয়নের গোডাউন বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে আশ্রয়ণ কেন্দ্রের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে গালিগালাজ শুরু করেন।
প্রতিবাদ করলে বরকত উল্লাহর নেতৃত্বে রুবেল তাঁকে চেপে ধরেন এবং লিউ কাঠের ডাসা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তাঁর কাছে থাকা ব্যবসার ও অন্যের রাখা মিলিয়ে মোট আড়াই লাখ টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগীর স্ত্রী মাহমুদা বলেন, অভিযুক্তরা এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার স্বামীর ওপর হামলা চালানো হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বরকত উল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত