মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রকলি ও ক্যাপসিকাম প্রদর্শনী পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে তিনি প্রদর্শনীতে উৎপাদিত ব্রকলি ও ক্যাপসিকামের গুণগত মান, বাজার সম্ভাবনা এবং রপ্তানিযোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেন এবং কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান সিরাজদীখান বাজারের বিভিন্ন বীজ, সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি সরকার নির্ধারিত দামে সার ও মানসম্মত বীজ ও কৃষি উপকরণ বিক্রি নিশ্চিত করার বিষয়ে ডিলারদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির সিরাজদীখান উপজেলা সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুন্সীসহ স্থানীয় সার ব্যবসায়ীরা।
মতামত