সংযম ও ত্যাগের মাস পবিত্র মাহে রমজান শুরু হলেও মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও ইফতার ও সেহরির প্রয়োজনীয় সবজির দাম কেজিতে ২০–৩০ টাকা লাফিয়ে বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজদীখান, তালতলা, ইছাপুরা, বালুচর ও নিমতলা বাজার ঘুরে দেখা গেছে, টমেটো বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকা কেজি, বেগুন ৭০–৮০ টাকা, খিরা ৭০–৮০ টাকা, করলা ১২০ টাকা। বরবটি ১০০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা এবং লেবু প্রতি হালি ১৪০–১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সিরাজদীখান বাজারে সবজি কিনতে আসে
সেলিম মিয়া বলেন,আজ পবিত্র রমজানের প্রথম দিন। ভেবেছিলাম ইবাদত-বন্দেগি নিয়ে শান্তিতে থাকব, কিন্তু বাজারে এসে তো মাথায় হাত! গত এক সপ্তাহেই টমেটো, করলা আর শিমের দাম আকাশ ছুঁয়েছে। রমজান মানেই কি ব্যবসায়ীদের পকেট কাটার উৎসব? সাধারণ মানুষের জন্য এই বাজারে টিকে থাকা এখন ভীষণ কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আমরা কি একটু শান্তিতে ইফতারও করতে পারব না?
আরেকজন ক্রেতা সাবরিনা আক্তার বলেন, লেবু এখন বিলাসিতার বস্তু হয়ে গেছে। এক হালি লেবু যদি ১৪০–১৬০ টাকা দিয়ে কিনতে হয়, তবে সাধারণ মানুষ শরবত খাবে কীভাবে? রমজানে রান্নার জন্য প্রয়োজনীয় সবজির এই লাগামহীন দাম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাজার প্রশাসনের এখনই কঠোর হওয়া উচিত, নাহলে সারা মাস আমাদের চড়া মাশুল দিতে হবে।
সিরাজদীখান বাজারের সবজি বিক্রেতা মো. মোতালিব বলেন,এই মৌসুমে টমেটো ১০০ টাকা কেজি হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা আড়তদারদের কাছে বারবার জিজ্ঞেস করছি দাম কেন বাড়ছে, কিন্তু তারা স্পষ্ট কিছু বলছে না। আমাদের কেনা দাম বেশি হওয়ায় বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম না কমলে আমাদের কিছু করার নেই।
বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন জানান,রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে সাধারণ মানুষের পকেট কাটতে না পারে, সেজন্য আমরা কঠোর মনিটরিং শুরু করেছি। প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি কারসাজি করে বাড়তি দাম নেয়, তবে আমরা প্রশাসনকে সাথে নিয়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি বলেন,পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় প্রতিটি বাজারে আমাদের তদারকি বহুগুণ বাড়ানো হয়েছে। আমরা চাই ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করুক। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসজুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মুদি, মাছ, মাংস ও সবজি—সব ক্ষেত্রেই আমরা কড়া নজরদারি রাখছি।
মতামত