মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি খাল দখল করে বালুর অবৈধ ব্যবসার তথ্য সংগ্রহ করতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক ভোরের ডাক ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক মো. জাবেদুর রহমান জুবায়ের।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ওই দিনই সিরাজদীখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানতলী গ্রামে সরকারি খাল দখল করে বালু মজুদ ও বিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন অনিক (৩৩) নামের এক ব্যক্তি। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও সরেজমিনে তথ্য যাচাই করতে গেলে অভিযুক্ত অনিক সাংবাদিক জুবায়েরকে সরাসরি এবং মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, আমরা সরকারি দল করি। তোকে থানায় বেঁধে রাখব। দেখি তুই কত বড় সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক মো. জাবেদুর রহমান জুবায়ের জানান, পেশাগত দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একজন সংবাদকর্মীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত