মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদীখান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে সংবর্ধনা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদীখান উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ ও সুধীজনরা তাঁকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তাঁর সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার প্রত্যাশা তাঁদের।
আলী আজগর অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে এবং চৈতি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ও সাধারণ সম্পাদক অধির দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।
মতামত