মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের পুরানভাষানচর গ্রামের করম আলী মার্কেট থেকে মুন্সী বাড়ি মাদ্রাসা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বড় বড় গর্তে পানি জমে হাঁটুপানির সৃষ্টি হয়। এতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে অসংখ্য বড় গর্ত ও খানাখন্দ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে ছোট ছোট জলাশয়ে পরিণত হয়।
কোথাও কোথাও হাঁটুপানি জমে থাকায় পথচারীদের কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অনেক মোটরসাইকেল ও অটোরিকশা কাদায় আটকে পড়তে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চলাচল কষ্টকর হলেও বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে জমে থাকা পানি ও কাদার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি হাঁটুপানিতে তলিয়ে যায়। গর্তে পানি জমে কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝার উপায় থাকে না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বহুবার জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
অটোরিকশাচালক মো. সাইফুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে গাড়ি চালানো এখন খুবই কষ্টকর। কাদার কারণে প্রায়ই গাড়ি আটকে যায় এবং যন্ত্রাংশ নষ্ট হয়। অনেক চালক এই পথে চলাচল করতে চান না। বাধ্য হয়ে এ পথে চললে অতিরিক্ত ভাড়া নিতে হয়।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে মুমূর্ষু রোগী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
মতামত