মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার একটি পাকা সেতুর দুই পাশের সড়কে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকরা।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামে সিরাজদীখান–বালুচর সড়কে সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশে পিচঢালা সড়কের বিভিন্ন অংশে গভীর গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ইট ও খোয়া উঠে গিয়ে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় ঝুঁকি আরও বেড়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে ও ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জানা যায়, উপজেলার লতব্দী, বালুচর ও বাসাইল ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। এছাড়া দ্রুত ঢাকা যাতায়াতের জন্যও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ এই সড়কটি ব্যবহার করে থাকেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ আরও বেড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরেই সড়কটির অবস্থা খারাপ হতে শুরু করে। সাম্প্রতিক বৃষ্টি ও ভারী যানবাহনের চাপের কারণে সেতুর দুই পাশ দ্রুত ভেঙে গর্তে পরিণত হয়েছে। এতে নিয়মিত যাতায়াতে ভোগান্তি বাড়ছে।
অটোরিকশা চালক মো. রফিকুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করি। সেতুর দুই পাশের গর্তের কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে গেছে। যাত্রী নিয়ে চলাচল করতে গেলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয়। দ্রুত সড়কটি মেরামত করা দরকার।
মোটরসাইকেল চালক মো. সুমন হোসেন বলেন, গর্তগুলো এত গভীর যে অনেক সময় হঠাৎ বুঝা যায় না। এতে পড়ে গিয়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা খুবই বিপজ্জনক।
চরকমলাপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মালেক বলেন, আমাদের গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা এটি। দীর্ঘদিন ধরে সড়কটির এই অবস্থা থাকলেও কেউ মেরামতের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে, যাতে বৃষ্টি-বাদলের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামত করা হয়। যেহেতু এখনো কাজ হয়নি, আমি ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত এ সড়ক মেরামতের ব্যবস্থা করবো।
মতামত