মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন খাল ও কৃষি জমিতে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ নিধন করায় অভিযান চালিয়ে ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং মাছ ধরার জন্য নির্মিত ৫টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী উপজেলার কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।
অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে খাল ও জলাশয়ে অবৈধভাবে জাল ও বানা ব্যবহার করে মাছ ধরার উদ্দেশ্যে নির্মিত ৫টি বাঁধ উচ্ছেদ করা হয়। এতে দেশীয় মাছের অবাধ প্রজনন নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পরে জব্দ করা অবৈধ জালগুলো সিরাজদীখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের উপস্থিতিতে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মতামত