মুন্সীগঞ্জের সিরাজদীখান-ইছাপুরা সড়কের হিরনের খিলগাঁও এলাকায় একটি কড়ই গাছের মোটা ডাল সড়কের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে। যেকোনো মুহূর্তে ডালটি ভেঙে পাকা সড়কে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা।
গতকাল রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, গাছের ডালটি প্রায় সড়কের মাঝামাঝি পর্যন্ত নেমে এসেছে। ব্যস্ত এই সড়কে বাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে বড় যানবাহনগুলোর জন্য ঝুঁকিটি আরও বেশি।
জানা যায়, সড়কটি উপজেলার অন্যতম ব্যস্ত পথ হওয়ায় দিনভর যাত্রীচাপ থাকে। প্রচুর যাত্রীবাহী বাস, ট্রাক ও অটোরিকশা চলাচল করে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
এলাকাবাসীরা জানান, কয়েক দিন ধরেই ডালটি এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে না পড়ায় তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত ডালটি অপসারণ করে সড়কে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
পথচারী আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। ডালটা পড়ে গেলে বড় দুর্ঘটনা হতে পারে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
টঙ্গীবাড়ী থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, গাছের ডালটা খুব বিপজ্জনকভাবে সড়কের ওপর ঝুলে আছে। বাস নিয়ে যেতে গেলেই আটকে যায়। যেকোনো সময় ডালটা ভেঙে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হুমায়ুন করিব খান বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
মতামত