ভাঙাচোরা সড়ক, ভয়াবহ যানজট, স্থায়ী জলাবদ্ধতা, ময়লার ভাগাড়ে পরিণত খাল-ড্রেন, দখলবাজদের নিয়ন্ত্রণে ফুটপাত আর চরম অব্যবস্থাপনার মধ্যেই মুন্সীগঞ্জ পৌরবাসীর ঘাড়ে নতুন করে করের বোঝা চাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে শহরবাসী। করহার কমানোর জন্য আবেদন করতেও ২০০ টাকা হারে ফি আদায়ের ঘটনায় নতুন করে জনমনে প্রশ্ন উঠেছে, এটি আদৌ কতটুকু যৌক্তিক? স্থানীয়দের ভাষায়, সেবা নেই, উন্নয়ন নেই, তবুও কর বাড়ানোর উৎসব চলছে।
কাগজে-কলমে ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে মুন্সীগঞ্জ এখন অব্যবস্থাপনা আর দুর্ভোগের শহর। বছরের পর বছর নাগরিক ভোগান্তি চরমে পৌঁছালেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। অথচ বিদ্যমান পৌরকর কয়েকগুণ বাড়িয়ে নতুন করহার নির্ধারণে ব্যস্ত পৌরসভা কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, কর পুনঃনির্ধারণ বা কমানোর আবেদন গ্রহণের নামেও ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। ইতোমধ্যে আবেদন বাবদ প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলেও অভিযোগ করেছেন ক্ষুব্ধ নাগরিকরা।
শহরের প্রধান দুটি সড়কে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজট লেগে থাকে। জেলা প্রশাসন, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ দপ্তরে যাতায়াতকারী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। প্রায় ৩ হাজার অটোবাইক ও বিভিন্ন উপজেলা থেকে আসা যানবাহনের চাপে ছোট্ট শহরটি কার্যত অচল হয়ে পড়েছে।
জানাগেছে, পৌরসভার ১২০ কিলোমিটার সড়কের অর্ধেকই কাঁচা অথবা চলাচলের অনুপযোগী। সুপার মার্কেট-মানিকপুর, জুবিলী সড়ক, বিলেরকানী- অর্নিবান স্কুল সড়ক, দেওভোগ-পারুলপাড়া ও মানিকপুর-গণকপাড়া সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়ক পানিতে তলিয়ে যায়। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর শহরের ফুটপাত এখন দখলদারদের নিয়ন্ত্রণে।
পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে বসেছে অবৈধ দোকানপাট। পথচারীদের হাঁটার জায়গা পর্যন্ত নেই। অভিযোগ রয়েছে, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই পোস্ট অফিস সংলগ্ন প্রধান সড়কে টং দোকান বসিয়ে চলছে প্রকাশ্য বাণিজ্য। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
এক সময়ের ঐতিহ্যবাহী জুবিলী খালসহ শহরের অধিকাংশ খাল এখন দখল ও ভরাটের শিকার। কোথাও খালের ওপর স্থাপনা, কোথাও ড্রেন নির্মাণের নামে খালের অস্তিত্বই মুছে ফেলা হয়েছে। জলাশয় ও পুকুর ভরাটের ফলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহর পরিণত হয় জলাবদ্ধতার নগরে। পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ডে নেই কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। খাল, ড্রেন ও জলাশয়ে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। নিয়মিত মশক নিধন কার্যক্রমও প্রায় বন্ধ। এতে বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে পৌর ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে দুটি আলাদা স্থান থেকে কার্যক্রম পরিচালিত হওয়ায় নাগরিক সেবা আরও ভেঙে পড়েছে।
মুন্সীগঞ্জের সামাজিক সংগঠন “নাগরিক বন্ধু”-এর আহ্বায়ক মু. মাসুদ রানা বলেন, জনগণ কোনো সেবা পাচ্ছে না। রাস্তা ভাঙা, শহর নোংরা, জলাবদ্ধতায় মানুষ অতিষ্ঠ। অথচ এখন আবার কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ গণবিরোধী সিদ্ধান্ত।
এ বিষয়ে আ. রব বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কাজে সমস্যা হচ্ছে। জনবল সংকটও রয়েছে। তবে পৌরবাসীর প্রশ্ন, বছরের পর বছর অব্যবস্থাপনা, ব্যর্থতা আর দুর্নীতির দায় জনগণ কেন বাড়তি কর দিয়ে বহন করবে।
মতামত