মুন্সীগঞ্জের গজারিয়ায় স্কুলে যাওয়ার পথে সাইদুল ইসলাম অনিক (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে।
জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় অনিক। তবে দিন শেষে সে আর বাড়ি ফিরে আসেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, অনিক গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজে বিদ্যালয়ে গেলে জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মোসা. চাঁন বানু গতকাল বুধবার দুপুরে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২০।
নিখোঁজ অনিকের মা মোসা. চাঁন বানু জানান, আমার ছেলে কোথায় আছে জানি না। দ্রুত তাকে খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।
তিনি আরও জানান,তার ছেলের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙের স্কুল ড্রেস এবং সাথে একটি ব্যাগ ছিল।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং কিশোরকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।
মতামত