মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকায় সড়কের মাঝখানে একটি বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকির মধ্যে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা,পথচারী ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে খুঁটিটি সড়কের মাঝে থাকলেও তা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে উপজেলা সদর সড়কের সঙ্গে সংযুক্ত লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার বাড়ির সামনে সড়কের মাঝখানে খুঁটিটি দাঁড়িয়ে রয়েছে। সরু এই সড়কে খুঁটিটির কারণে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত বাধার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাশেই শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সকাল-বিকেল শিক্ষার্থীদের যাতায়াত বেশি থাকে। বিশেষ করে সন্ধ্যার পর পর্যাপ্ত আলো না থাকায় পথচারী ও যানবাহনের জন্য খুঁটিটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, রাতে এই সড়ক দিয়ে চলাচল করতে ভয় লাগে। অসাবধান হলেই খুঁটিতে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। বৃষ্টি বা ঝড়ের সময় পরিস্থিতি আরও ভয়ংকর হয়।
গৃহিণী তাছলিমা বেগম জানান, খুঁটিটি সরিয়ে নেওয়ার জন্য বাড়ির মালিক বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নাজিম দেওয়ান নামে এক শিক্ষার্থী জানায়, স্কুলে যাতায়াতের সময় বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলে খুঁটির কারণে রাস্তা সরু হয়ে যায়, ফলে বাধ্য হয়ে তাদের একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সন্ধ্যার পর আলো কম থাকায় ঝুঁকি আরও বাড়ে।
বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যুতের খুঁটিটি সরিয়ে রাস্তার পাশে স্থানান্তরের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর গজারিয়া জোনের ডিজিএম আশ্রাফুল আলম বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাতায়াত করি, তবে পেছনের এই সড়কটি সম্পর্কে জানা ছিল না। ছবি ও লোকেশন পেলে বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত