মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নয়ন খান (২৫)। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তার পরিবার সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
আহত নয়ন খান উপজেলার ভাটিমভোগ গ্রামের স্বপন খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি নয়ন তার ভাই ও বোনকে নিয়ে একটি অটোরিকশাযোগে বালিগাঁও যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় নয়নের ভাই চালকের পাশের সিটে বসা থাকায় ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে অটোরিকশাটি উল্টে গিয়ে নয়নের শরীরের ওপর পড়ে।
দুর্ঘটনায় নয়নের মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তার নাকের হাড় ভেঙে যায় এবং চোখেও গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি অপারেশন করা হয়। অপারেশনের সময় ৮ ব্যাগ রক্ত প্রয়োজন হয়।
পরিবারের সদস্যরা জানান, শুধু অপারেশনেই প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা বাবদ মোট ব্যয় হয়েছে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা। চিকিৎসকরা জানিয়েছেন, নয়ন এখনও জ্ঞান ফিরে পায়নি এবং প্রতিদিন চিকিৎসা ব্যয় প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা হতে পারে। চিকিৎসা অব্যাহত রাখতে না পারলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে চিকিৎসার মোট খরচ প্রায় ১২ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নয়নের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। এই বিপুল ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই তারা সমাজের সহৃদয় মানুষদের কাছে নয়নের জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
নয়ন খানের চিকিৎসায় কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ নম্বর:
০১৭৩২৪৫৯৯৩৭
পরিবারের ভাষ্য, আপনাদের সামান্য সহযোগিতাই পারে একটি তরুণ জীবনের বেঁচে থাকার আশা জাগাতে।
মতামত