মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাটখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার এ কে মোহাম্মদ শরিফ উল আলম রাজিব সভাপতি এবং অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া সুলতানার আহ্বানে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজউক কলেজের অধ্যাপক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক এম মাহবুবুর রহমান, যশলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মো. সাইদুর রহমান বাবুল, যশলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মো. মোশাররফ হাওলাদার, কে শিমুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মো. মহসিন বেপারী, যশলং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী মো. জনি হাওলাদার এবং যশলং ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ও প্রাক্তন শিক্ষার্থী মো. শওকত আহমেদ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া সুলতানা, বিদ্যোৎসাহী নারী সদস্য জান্নাতুল ফেরদৌস, বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার এ কে মোহাম্মদ শরিফ উল আলম রাজিব, জমিদাতা সদস্য হুমায়ুন কবির, মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি অশ্রু মণ্ডল, শিক্ষক প্রতিনিধি মাহবুবা মাজবুহা, অভিভাবক সদস্য সুমা সিদ্দিক, কনিকা আক্তার, জসিম উদ্দিন আহমেদ ও আতাউর হাওলাদার।
সভায় অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদের প্রস্তাব এবং অভিভাবক প্রতিনিধি আতাউর হাওলাদারসহ কমিটির অন্যান্য সদস্যদের সর্বসম্মত সমর্থনে বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার এ কে মোহাম্মদ শরিফ উল আলম রাজিবকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। পরে সর্বসম্মতিক্রমে অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ সহসভাপতি নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এ কে মোহাম্মদ শরিফ উল আলম রাজিব বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত