নারায়ণ দেবনাথ (২৫ নভেম্বর ১৯২৫ ― ১৮ জানুয়ারি ২০২২ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী ও লেখক। তিনি হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন। শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু-কিশোরদের পত্রিকায় কমিকস গুলিকে ছোট ছোট খণ্ডে প্রকাশ করা হয়েছে। ২০২১ সালে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মনোনয়নের দ্বারা তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।
প্রারম্ভিক জীবন নারায়ণ দেবনাথের জন্ম ও বেড়ে ওঠা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে। পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলায়।
অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল। পারিবারিক পেশা স্বর্ণকার হওয়ায় অলঙ্কার প্রভৃতির নক্সা করার সুযোগ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্ট কলেজে পাঁচ বছরের ডিগ্রীর জন্য লেখাপড়া শুরু করলেও শেষ পর্যন্ত তা চালিয়ে যেতে পারেননি, কারণ শেষ বর্ষে বিশ্বযুদ্ধের কারণে আর্ট কলেজ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এরপরে কিছু বছর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার জন্য কাজ করেন।
কমিকসে আবির্ভাব
নিজের বই প্রকাশ অনুষ্ঠানে - কলকাতা বইমেলা ২০১৪
বাংলা কমিকসের জগতে নারায়ণ দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের সম্পাদক মণ্ডলীর উৎসাহে। তার প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাদের প্রস্তাবিত। সেসময় বাংলা কমিকস বলতে ছিল একমাত্র প্রফুল্লচন্দ্র লাহিড়ি বা কাফি খাঁ'র আঁকা শেয়াল পণ্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হত। ১৯৬২ সালে হাঁদা ভোঁদা প্রকাশের সাথে সাথেই পাঠকদের সমাদর পায় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে। শুরুতে দেবনাথ নিজেই হাঁদা ভোঁদায় অঙ্কন ও কালি বসানোর কাজ করতেন। হাঁদাভোদা ৫৩ বছর শুকতারা পত্রিকায় চলেছিল।
নারায়ণ দেবনাথের প্রথম রঙীন (লাল-কালো বাই কালার) কমিক স্ট্রিপ ছিল বাঁটুল দি গ্রেট। ১৯৬৫ সালে বাঁটুল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন তিনি।
পরবর্তীকালে ১৯৬৯ সালে কিশোর ভারতী পত্রিকা নারায়ণবাবুর কাছে বিশেষ পুজোসংখ্যার ব্যাপারে ডেকে পাঠায় । দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে নারায়ণবাবুকে গোয়েন্দা-গল্প (স্ট্রিপের) প্রস্তাব দেন যা পরে পরিণত হয় 'ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়' চরিত্রে। ১৯৬৯ সালে নন্টে-ফন্টের সৃষ্টি করেন নারায়ণ দেবনাথ। কিশোর ভারতীতে তার আঁকা প্রথম ধারাবাহিক কমিক স্ট্রিপ হলো 'পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান', যার মাত্র একটি সংখ্যা বেরোয়। ২০১১ সালে লালমাটি প্রকাশন তার বিরল কাজগুলি পুনরায় প্রকাশ করে নারায়ণ দেবনাথ সমগ্র ১ম ও ২ খণ্ড হিসেবে (সংকলন ও সম্পাদনা শান্তনু ঘোষ)। ২০১২ সালে বাঁটুল প্রথমবার ইংরেজিতে অনুবাদ করা হয়।
মুখ্য/ধারাবাহিক কমিক চরিত্র
বাঁটুল দি গ্রেট (প্রথম প্রকাশ ১৯৬৫), হাঁদা ভোঁদা (প্রথম প্রকাশ ১৯৬২), নন্টে ফন্টে (প্রথম প্রকাশ ১৯৬৯), বাহাদুর বেড়াল (প্রথম প্রকাশ ১৯৮২), ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়
ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, গোয়েন্দা কৌশিক রায়, পেটুক মাস্টার বটুকলাল, শুঁটকি আর মুটকী, বুদ্ধিমান কুকুর।
মৃত্যু
নারায়ণ দেবনাথ ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর। সূত্র- উইকিপিডিয়া
মতামত