নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুন্সীগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম। রোববার মুন্সীগঞ্জ সার্কিট হাউসের সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত "গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার উপরোক্ত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম তার বক্তব্যে মুন্সীগঞ্জ জেলাবাসীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে সঠিক সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গ্রাম পুলিশ সদস্যদের প্রতি সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা এডজুটেন্ট বিউটি আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহাবুব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মারজানা আক্তার ও জেলা আনসার বিভাগের প্রতিনিধিবৃন্দ।
মতামত