মুন্সীগঞ্জে পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সবকিছু করতে প্রস্তুত আছে এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব সৃষ্টি ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সেজন্য অনলাইন মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে।
বুধবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, পুরো জেলায় মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরা মাঠে কাজ করবে। প্রটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল অফিসার ইনচার্জগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা ও সুবিধার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। তাদের সমস্যা ও সুবিধা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
মতামত