মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেছেন, তোমরা সম্পূর্ণ নিজের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার মাধ্যমে আজকের এই পর্যায়ে পৌঁছেছো। প্রতিটি ইভেন্টে তোমাদের যে মনোযোগ, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রম আমি দেখেছি তা প্রশংসার যোগ্য। গতকাল মঙ্গলবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে (তৃতীয় দিনে) উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এখানে স্বচ্ছতা, ন্যায্যতা এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। তাই কোনো ধরনের দালাল বা প্রতারকের শরণাপন্ন না হতে তিনি সকলকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরও বলেন, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা ধাপে ধাপে সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো হয়, যাতে শুধুমাত্র শারীরিকভাবে সক্ষম, মেধাবী ও যোগ্য প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে। তিনি জানান, "সেবার ব্রতে চাকরি"-এই প্রত্যয়ে শারীরিক সহিষ্ণুতা যাচাই পরীক্ষার তৃতীয় দিন মঙ্গলবার ১৬০০ মিটার দৌড়সহ অন্যান্য ইভেন্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে।
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম শেষে সমাপনী অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ও নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, মেডিক্যাল বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতামত