মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে
প্রতিটি উপজেলায় একযোগে বৃত্তি পরীক্ষা অংশ নিয়েছে ৯'শ শিক্ষার্থী
শিক্ষার মানোন্নয়নে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা ভিত্তিক পরীক্ষাকেন্দ্রগুলোতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত চলা এ পরীক্ষায় পঞ্চম থেকে দশম শ্রেণির ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য ২ ঘণ্টা ২০ মিনিট নির্ধারিত সময় ছিল বলে মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া উপজেলায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুল, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে। নির্ধারিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে ফাউন্ডেশনের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিথিরা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় নিজেকে প্রস্তুত করতে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মেধা যাচাই ও পরিচর্যার সুযোগ থাকা জরুরি বলেও তারা মত প্রকাশ করেন।
মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা হলেও এখনো অনেক শিক্ষার্থী সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য শুধু পরীক্ষা নেওয়া নয়; বরং মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতে একটি মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলা।” তিনি আরও জানান, আগামী দিনগুলোতে জেলার শিক্ষার মান উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এদিকে বৃত্তি পরীক্ষা সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সহযোগিতায় থাকা শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফাউন্ডেশনের আয়োজক কমিটি।
মতামত