ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রী ও যানবাহনচালকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাউশিয়া পাখির মোড়, বাউশিয়া, ভবেরচর, সাতকানিয়া, আনারপুরা ও জামালদী এলাকায় ইউটার্ন পয়েন্টে সাইনবোর্ড স্থাপন করা হয়।
সাইনবোর্ড স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য একেএম অধ্যাপক গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সাইনবোর্ডে ইউটার্নের স্পষ্ট দিকনির্দেশনা থাকায় চলাচল সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন সুশীল সমাজের নাগরিক। তারা মনে করেন, এ উদ্যোগে মহাসড়কে দুর্ঘটনা কমবে এবং যান চলাচলে শৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে।
মতামত